৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৩:৩১
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম জনসমক্ষে প্রকাশ করার দাবিতে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশ পাঠিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান। গতকাল বুধবার (১ এপ্রিল) হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী আব্দুল মজিদ নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করতে হবে অথবা তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
হৃদয় হাসান বলেন, “বুধবার দুপুরের পর লিগ্যাল নোটিশ এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীর পরিচয় প্রকাশ বা আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরে একটি ইফতার মাহফিলে বক্তব্যকালে আমির হামজা বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য তিন দিনে প্রায় ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব এসেছে। তিনি বলেন, “৫০ কোটি কেন, ১০০ কোটি বা পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে নড়ব না। এই পাঁচ বছর দায়িত্বে থাকলে, একটাও টাকা বাড়তে দেব না।”
পরদিন আমির হামজার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকে ঘুষ দিতে চাওয়া ব্যক্তিদের নাম প্রকাশের দাবি জানান।
নোটিশে উল্লেখ করা হয়, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমির হামজা বিভিন্ন সময়ে জনসমক্ষে বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তিন দিনে ৫০ কোটি টাকার প্রস্তাব এসেছে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এছাড়া বলেন, কুষ্টিয়া লিখে দিলেও তাঁর অবস্থান পরিবর্তন হবে না।
নোটিশে আরও বলা হয়েছে, ঘুষ প্রদান ও গ্রহণ উভয়ই অপরাধ। কিন্তু ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ না করে শুধু ৫০ কোটি টাকা গ্রহণ না করার বিষয়টি প্রচার করা হচ্ছে। এটি আইন অনুযায়ী অপরাধীকে আশ্রয় দেওয়ার সমতুল্য।
হৃদয় হাসান বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় জনগণ ভোগান্তিতে পড়ছে। কারা এর পেছনে দায়ী, তা আমরা জানতে চাই। প্রয়োজনে আন্দোলনও গড়ে তোলা হবে।”
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, “আমির হামজা বলেছেন, তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছেন। কিন্তু কারা দিয়েছেন, তা প্রকাশ করছেন না। এটি একটি অপরাধ। জনসমক্ষে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা উচিত।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।