মুফতি আমির হামজা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে আখ্যা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৬:৩৪
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়েছেন। তাঁর মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় মুফতি আমির হামজা এ মন্তব্য করেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ১ মিনিট ৪৬ সেকেন্ডের এই বক্তব্যে তিনি মন্ত্রী টুকুর প্রসঙ্গ টেনে বলেন, “এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে।”
মুফতি আমির হামজা আরও বলেন, “তিনি জামায়াতে ইসলামী কিংবা চরমনাই বিদ্বেষী নন, তিনি ইসলামবিদ্বেষী।” একই সঙ্গে দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিকেও সমালোচনা করেন। তিনি দাবি করেন, হাসপাতালগুলোতে জেনারেটর চালাতে পাঁচ লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না, যার ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। তিনি বলেন, “অযোগ্যদের দায়িত্ব দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হাটশ হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, মুফতি আমির হামজাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি; তিনি নিজ উদ্যোগে জুমার নামাজে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, “আমি আলোচনার সময় বাইরে থাকায় কী বক্তব্য দেওয়া হয়েছে, তা শুনতে পারিনি।”
অন্যদিকে, মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “আমির হামজা কোথায় কী বলেন, তা তিনি নিজেও জানেন না। সম্প্রতি তিনি একটি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আর্থিক প্রস্তাব পাওয়ার দাবি করেছিলেন, কিন্তু কারা সেই প্রস্তাব দিয়েছে তা প্রকাশ করেননি, যা একটি গুরুতর অভিযোগ।”
তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের নিয়ে এ ধরনের মন্তব্য করা থেকে মুফতি আমির হামজাকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।