মানহানির মামলায় আগাম জামিন চাইলেন এমপি আমির হামজা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৩
মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজল-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
এর আগে, গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্য করেছিলেন তিনি।
সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। আদালতে হাজিরার জন্য পূর্বে সমন জারি করা হলেও নির্ধারিত সময়ে উপস্থিত না হওয়ায় বিচারক এ আদেশ দেন।
মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি হুমায়ুন কবির। তার অভিযোগ, এক বক্তব্যে আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ আখ্যা দেন এবং ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা মানহানিকর।
ঘটনার সূত্রপাত হয় গত ২৬ মার্চের একটি বক্তব্যকে কেন্দ্র করে। ওই দিন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন। পরবর্তীতে কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় আমির হামজা ওই বক্তব্যের সমালোচনা করে তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আইনি প্রক্রিয়ায় রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।