কালবৈশাখী ঝড়ে মেঘনায় দুই লঞ্চ আটকা, শতাধিক যাত্রী নিরাপদে উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৯
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে দুটি যাত্রীবাহী লঞ্চ চরাঞ্চলে আটকা পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং লঞ্চে থাকা শতাধিক যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
রোববার সন্ধ্যার পর দমকা হাওয়া, বজ্রপাত ও ঝড় শুরু হলে নদীপথে চলাচলকারী লঞ্চগুলো বিপাকে পড়ে।
চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি সাথী ও এমভি সমতা নামের দুটি লঞ্চ ঝড়ের কবলে পড়ে চর এলাকায় আটকা পড়ে। বিকেল ৪টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা এমভি সাথী লঞ্চটি বাহাদুরপুর চরের কাছে পৌঁছালে প্রবল বাতাসে নিয়ন্ত্রণ হারায়। পরে লঞ্চটি চরে ভেড়ানো হলে যাত্রীদের ট্রলারের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে বিকেল ৫টা ২০ মিনিটে ষাটনল ঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি সমতা লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে ষাটনল ও শোল্লানী চর এলাকায় আটকে যায়। ঝড়ের কারণে সেটি আর সামনে এগোতে পারেনি।
ষাটনল লঞ্চঘাটের ইজারাদার দবির উদ্দিন জানান, হঠাৎ ঝড়ের কারণে লঞ্চটি নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়। মোহনপুর ঘাটের ইজারাদার বোরহান উদ্দিন বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
এমভি সমতা লঞ্চে থাকা সাংবাদিক গোলাম নবী খোকন জানান, ঝড় শুরু হলে লঞ্চটি দুলতে থাকে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে পরে সবাই নিরাপদে থাকতে সক্ষম হন।
নৌ-পুলিশ জানায়, এমভি সাথী ও এমভি সমতা লঞ্চের সব যাত্রীই নিরাপদে আছেন। এছাড়া আরেকটি লঞ্চ মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহপুর এলাকায় আটকা পড়লেও সেটিও পর্যবেক্ষণে রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।