বিএনপির সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দেওয়ান শামসুল আবেদীন ছিলেন প্রখ্যাত মরমী কবি দেওয়ান হাসন রাজার নাতির ছেলে। ছাত্রজীবনে তিনি সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয় হন।
১৯৭৯ সালে বিএনপির মনোনয়নে সুনামগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
তার মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।