বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

নিউ মার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় এ গুলির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলেন টিটন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকলেও আশপাশের এলাকার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

এছাড়া প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top