মগবাজারে নবীন ফ্যাশন বন্ধ: আদালতে ওসি নিঃশর্ত ক্ষমা চাইলেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১৭:৪২
রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। রোববার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-এর আদালতে হাজির হয়ে তিনি পুলিশের ভূমিকা সম্পর্কে লিখিত ব্যাখ্যা দেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
ওসি গোলাম মর্তুজা জানান, আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে হঠাৎ অতিরিক্ত ভিড় এবং বাইকারদের চাপের কারণেই নবীন ফ্যাশনের দোকানটি বন্ধ হয়ে যায়। এর আগে গত ২৫ মার্চ আদালত তাকে তলব করে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার তিনি উপস্থিত হয়ে জবাব দাখিল করেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন জানান, ওসি তার বক্তব্য তুলে ধরার পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আদালত তার বক্তব্য শুনেছেন এবং এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রয়েছে।
তিনি আরও জানান, দোকান বন্ধের দিন কয়েকজন ব্যক্তি নিজেদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু-স্বজন পরিচয় দেন। এ বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন। একই সঙ্গে ওসি গোলাম মর্তুজা ও এক এএসআইকে হাতিরঝিল থানা থেকে সরিয়ে দেওয়ার কথাও জানানো হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ওসিকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং সংশ্লিষ্ট এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।