সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

সৌদি আরব থেকে নিরাপদে দেশে ফিরলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১২:৪৫

ছবি: সংগৃহীত

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরব থেকে ফেরার পথে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। এতে করে ভক্ত-সমর্থকদের মাঝে দেখা দেয় উৎকণ্ঠা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর আকাশপথে জটিলতা তৈরি হয়। উমরাহ শেষে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর তার বহনকারী উড়োজাহাজটি পুনরায় সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সেখানেই অবস্থান করতে হয় তাকে।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মুশফিক জানান, তিনি দেশে ফেরার উড়োজাহাজে উঠেছেন। তিনি লেখেন, তিনি নিরাপদে বিমানে উঠেছেন এবং পরদিন সকালে ঢাকায় পৌঁছাবেন। যারা তার খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মহান আল্লাহ সবার নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন বলেও উল্লেখ করেন।

অবশেষে সোমবার (২ মার্চ) সকাল ১০টায় ঢাকায় পৌঁছান এই তারকা ক্রিকেটার। তার নিরাপদ প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।

এদিকে, তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। মুশফিক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল বলেও জানান তিনি। আশা করা হয়েছিল, সোমবার সকালের একটি ফিরতি উড়োজাহাজে তিনি দেশে ফিরতে পারবেন- শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়িত হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top