বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

‘প্রথমেই রেপুটেশন ঠিক করবো’- দায়িত্ব নিয়েই তামিমের বার্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২১:৩৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা তুলে ধরেছেন তামিম ইকবাল।

মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সন্ধ্যার দিকে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে যোগ দেন এবং পরে রাতে গণমাধ্যমের মুখোমুখি হন।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, বিসিবির দায়িত্বে আসার পর অনেকেই উন্নয়নের কথা বললেও, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। তিনি উল্লেখ করেন, গত এক থেকে দেড় বছরে ক্রিকেটের যে সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি ঠিক করাই তার ও তার দলের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, তাদের ওপর প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এই দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

দৈনন্দিন কার্যক্রম নিয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তামিম বলেন, বিশ্বকাপ ইস্যুর পাশাপাশি বোর্ডের নিয়মিত কাজগুলোতেও মনোযোগ দেওয়া হবে। ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর মধ্যে একটি হলো- বোর্ডের পক্ষ থেকে একজন নির্দিষ্ট মুখপাত্র নিয়োগ করা। তামিম জানান, এখন থেকে বোর্ডের সব ধরনের আনুষ্ঠানিক তথ্য ও আপডেট সেই মুখপাত্রের মাধ্যমেই জানানো হবে, যাতে বিভ্রান্তি কমে। এই দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে।

সবশেষে তিনি বলেন, দেশের ক্রিকেট বর্তমান যে অবস্থায় আছে তা কারও কাম্য নয়। এই পরিস্থিতির উন্নতি করাই তাদের লক্ষ্য এবং কাজের পথে ভুল হলে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top