শান্তি ও যুদ্ধ, দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। তবে শান্তি কিংবা যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, দ্বিতীয় দফার আলোচনায় বসতে দুই পক্ষই নীতিগতভাবে সম্মত হয়েছে। যদিও আলোচনার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি, তবু তেহরান ও ওয়াশিংটন—উভয় পক্ষই মনে করছে, আলোচনা দ্রুত শুরু করা জরুরি।
তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে ‘দ্রুততা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রক্রিয়া দীর্ঘায়িত হলে ইরানের অভ্যন্তরীণ কট্টরপন্থী গোষ্ঠী কিংবা ওয়াশিংটনে ইসরাইলপন্থী লবির প্রভাব আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের সম্ভাবনা সব সময়ই উড়িয়ে দেওয়া যায় না। তবে ইরান শান্তি ও যুদ্ধ—দু’টির জন্যই প্রস্তুত রয়েছে।
আঞ্চলিক দেশগুলোর উদ্দেশে আশ্বস্ত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, সেক্ষেত্রে ইরান ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের লক্ষ্যবস্তু করবে, আঞ্চলিক দেশগুলোকে নয়। এ ক্ষেত্রে দুই বিষয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে বলে জানান তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আস্থার সংকটের বিষয়টিও তুলে ধরেন আরাগচি। তিনি বলেন, গত বছরের সংঘাতের কারণে দুই দেশের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, যা কাটিয়ে উঠতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।