রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থই আগে দেখবে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১০:৩৪

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এ জন্য ইরানকে কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে হবে, নতুবা ওয়াশিংটন চুক্তি থেকে সরে আসতে পারে বলে সতর্ক করেন তিনি।

‘ক্লাব ফ্লোরিডা ফোরাম’-এ দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন মহল থেকে একাধিক প্রস্তাব এলেও যুক্তরাষ্ট্র এখনো যাচাই-বাছাই করছে—কার সঙ্গে আলোচনা সবচেয়ে ফলপ্রসূ হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ইরানের “কঠিন ও অনমনীয়” নেতাদের সঙ্গে কাজ করতে হচ্ছে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বের ভেতরে বিভক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দেশটির উচ্চপর্যায়ের কয়েকজন নেতা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো স্থায়ী কোনো সমঝোতা হয়নি। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবও সম্প্রতি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top