ইরানের তেহরানে তেলের ডিপোতে ইসরায়েলের হামলা, ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১২:৪৩
ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার পর রাজধানীর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, জ্বালানি সংরক্ষণের ট্যাংকগুলোর ওপর এটি একটি বড় ধরনের হামলা। তাদের অভিযোগ, এসব জ্বালানি ট্যাংক ইরানের শাসকগোষ্ঠী নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে থাকে।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও অন্তত দশজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যে হোটেলটিতে হামলা হয়েছে সেখানে দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
হামলার পর আবারও আক্রমণের আশঙ্কায় ভবনটি থেকে কিছু মানুষকে দ্রুত বের হয়ে যেতে দেখা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বার্তায় জানিয়েছে, তারা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের দাবি, লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের লেবানন শাখার কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার, যারা বৈরুত থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছিলেন।
কুদস ফোর্সকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে পরিচালিত সামরিক কার্যক্রমের শাখা হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল, তারা লেবানন শাখার অস্থায়ী কমান্ডার দাউদ আলিজাদেহকে হত্যা করেছে।
এক বিবৃতিতে ইসরায়েল অভিযোগ করেছে, কুদস ফোর্স তাদের রাষ্ট্র ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমর্থন দিয়ে আসছিল।
একইসঙ্গে তারা জানিয়েছে, যেখানেই থাকুক না কেন, ইরানের নেতৃত্বাধীন বাহিনীর কমান্ডারদের লক্ষ্য করে এমন অভিযান চালানো অব্যাহত থাকবে।
তবে হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল জানায়, তারা বৈরুতে আরও এক দফা হামলা শুরু করেছে। এসব হামলা শহরের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
সূত্র: বিবিসি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।