সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ট্রাম্প হুমকি দিলেন ইরানকে: হরমুজ প্রণালী না খোললে ‘নরক’ নামানো হবে

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন যে, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খোলা না হলে তিনি ইরানের ওপর ‘নরক’ নামাবেন। একই সঙ্গে তিনি মার্কিন বিশেষ বাহিনীকে প্রশংসা করেছেন, যারা ঝুঁকিপূর্ণ অভিযানে একটি ভূপতিত বিমানসেনাকে উদ্ধার করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যেই পাঁচ সপ্তাহ ধরে ইরানের ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রক্সি মিলিশিয়াদের সমর্থন থেকে আসন্ন হুমকি মোকাবিলা করতেই এই হামলা করা হয়েছে।

ইরান কার্যকরভাবে হরমুজ জলপথ বন্ধ করে দিয়েছে, যা বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ। এছাড়া ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা দুই পর্যায়ের চুক্তি নিয়ে আলোচনা করছেন। প্রথম পর্যায়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি; দ্বিতীয় পর্যায়ে স্থায়ী চুক্তি যা যুদ্ধ বন্ধ করতে পারে।

ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "শালা প্রণালীটা খুলে দে, নইলে তোরা জাহান্নামে বাস করবি। সমস্ত প্রশংসা আল্লাহর।" তিনি বলেছেন, ইরান সোমবারের মধ্যে একটি চুক্তিতে আসতে পারে।

উপসাগরীয় রাষ্ট্রগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার ফলে বড় ধরনের বস্তুগত ক্ষতি হয়েছে।

ইসরায়েলের হাইফা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন।

 

সুত্র: রয়টার্স



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top