হরমুজ প্রণালি থেকে বছরে কত আয় করবে ইরান?
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৫:৪৩
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল থেকে দেশটি বছরে প্রায় ৬৪ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হবে। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা আগের মতো থাকবে না। তবে হরমুজ প্রণালির বাণিজ্যিক কার্যক্রম থেকে ইরান উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জনের আশা করছে।
এক সরকারি সূত্র জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হরমুজ প্রণালির মাধ্যমে জাহাজ চলাচল থেকে বছরে প্রায় ৬৪ বিলিয়ন ডলার আয় সম্ভব। পাশাপাশি, দেশের পারমাণবিক অগ্রগতি নিয়ে ইরানের কোনো পরিকল্পনা পরিবর্তন হয়নি।
যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কিছুটা সীমিত ছিল। দুই সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনায় হরমুজে চলাচল করা জাহাজের ওপর ইরান ও ওমান উভয়ই টোল আরোপের সুযোগ রাখছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা হবে এবং এটি অর্থনৈতিকভাবে ব্যাপক সুফল আনতে পারে। তিনি আরও মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যে এটি স্বর্ণযুগের সূচনা করতে পারে।
এদিকে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে সব ধরনের আক্রমণ ও বোমা হামলা স্থগিত রেখে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প একে ‘পারস্পরিক যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এটি বিশ্বের শান্তির জন্য একটি বড় দিন।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে আগামী ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি দুই দেশের মধ্যে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যৌথ অভিযানের পর প্রথম সরাসরি বৈঠক হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।