পাকিস্তানে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ২১:১৫
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ক গুরুত্বপূর্ণ সরাসরি আলোচনা শুরু হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথমবারের মতো ওয়াশিংটন ও তেহরান সরাসরি আলোচনার টেবিলে বসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনায় অংশ নেওয়ার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।
অন্যদিকে ইরানের পক্ষ থেকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।
এই আলোচনা এমন সময়ে শুরু হয়েছে, যখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৩৫৭ জন নিহত হয়েছেন। তবে আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা টেলিফোনে কথা বলেছেন, যা দুই দেশের মধ্যে বিরল সরাসরি যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা আয়োজনের কথাও জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদে চলমান এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত নিরসনে বড় ধরনের অগ্রগতি আসতে পারে। তবে দীর্ঘদিনের অবিশ্বাস ও কৌশলগত মতপার্থক্যের কারণে চূড়ান্ত সমঝোতা সহজ হবে না বলেও তারা মনে করছেন। সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।