রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের তেল 'বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর': ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ২১:৫০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ এখন যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে, যাতে তারা “বিশ্বের সবচেয়ে সেরা ও সবচেয়ে মধুর” তেল এবং গ্যাস সংগ্রহ করতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের দুই বৃহত্তম তেল অর্থনীতির দেশের তুলনায় বেশি পরিমাণে তেল মজুত রয়েছে এবং এর গুণগত মানও অনেক ভালো। তিনি আরও বলেন, “আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি, দ্রুত চলে আসুন।”

বিশ্ববাজারে যখন তেলের দামে ব্যাপক ওঠানামা চলছে, তখনই তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

ব্রেন্ট ক্রুড তেলের দাম সাম্প্রতিক সময়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে উঠেছিল। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্তের পর দাম প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলারের কিছু নিচে নেমে আসে।

এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ইরান এই গুরুত্বপূর্ণ শিপিং রুটে জাহাজ চলাচল কার্যত সীমিত করে দেয়, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়।

তবে বর্তমান দাম এখনো সংঘাত শুরুর আগের তুলনায় বেশি রয়েছে। আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারের আশপাশে লেনদেন হতো।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top