ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম দিনের আলোচনা শেষ, যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ২১:৫৭
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির কর্মকর্তাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকাল থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়। এ সময় দুই পক্ষ আলাদা কক্ষে অবস্থান করে এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীরা তাদের মধ্যে বার্তা আদান-প্রদান করেন।
তবে সন্ধ্যার দিকে আলোচনায় নতুন মোড় আসে। মধ্যস্থতাকারী সূত্রের বরাতে আল জাজিরা জানায়, পরে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। এ সময় আলোচনার টেবিলে পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি বৈঠকে অংশ নেন—যা আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে সরাসরি আলোচনা করেছেন। এতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলগুলোর অংশগ্রহণ, পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা এবং বৈশ্বিক নেতাদের ইতিবাচক বার্তা—সব মিলিয়ে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশাবাদ জোরদার হয়েছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ।
অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।