হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিরাপদ রাখতে মাইন অপসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ কাজে সমুদ্র-রোবট এবং মানববিহীন যান মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রণালী এলাকায় সম্ভাব্য মাইন শনাক্ত ও অপসারণে মানবচালিত ও মানববিহীন প্রযুক্তির সমন্বিত ব্যবহার চলছে।
সামরিক বিশ্লেষকদের মতে, প্রথমে সমুদ্রের নিচে মাইন শনাক্ত করা হচ্ছে এবং পরে বিশেষ রোবটের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করা হচ্ছে। এতে সময় ও ঝুঁকি দুটোই উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
মার্কিন নৌবাহিনীর সাবেক এক ভাইস অ্যাডমিরাল জানিয়েছেন, মানববিহীন প্রযুক্তি ব্যবহারের ফলে যেসব কাজ আগে কয়েক সপ্তাহ সময় নিত, তা এখন মাত্র কয়েক দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান দাবি করেছে, সাম্প্রতিক পরিস্থিতিতে তারা নিজেদের অবস্থানে সফল হয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন, যুদ্ধবিরতি কিছু শর্ত পূরণের ভিত্তিতে হয়েছে এবং হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতে রয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।