ইরানের জনগণ কখনোই চাপ বা বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৩:১৪
ইরানের জনগণ কখনোই চাপ বা বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না—এমন দৃঢ় বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের প্রেক্ষাপটে ইরানের মনে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে, যা সহজে কাটানোর নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অতীত আচরণ এবং সাম্প্রতিক সময়ে তাদের কর্মকর্তাদের অসংলগ্ন ও অসংগতিপূর্ণ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসব পদক্ষেপ ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে আত্মসমর্পণ প্রত্যাশা করছে—যা কখনোই গ্রহণযোগ্য নয়।
তবে তিনি এটাও স্পষ্ট করেন যে, পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা করা হলে অর্থবহ আলোচনা সম্ভব। আস্থা পুনর্গঠনই যেকোনো সমঝোতার ভিত্তি হতে পারে বলে মনে করেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এবং এ লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তবে মার্কিন সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং তার পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত হয়নি।
অন্যদিকে, পাকিস্তানে সম্ভাব্য এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান এখনও বিবেচনা করছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভাবনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্র: রয়টার্স
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।