বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

নাবিকদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ থেকে বিরত ইরান, কূটনীতিতেই ৬ জনের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:১০

সংগৃহীত

নিজেদের নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক অভিযান থেকে বিরত থেকেছে ইরান। দেশটির কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’ থেকে ইতোমধ্যে ছয়জন নাবিক মুক্তি পেয়েছেন, যা তেহরানের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফল বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

২৯ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র নৌবাহিনী ওমান উপসাগর এলাকায় জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি ইরানের দিকে যাচ্ছিল এবং এতে ২৮ জন ইরানি নাবিক ছিলেন। এ ঘটনাকে ‘দস্যুতার শামিল’ বলে অভিহিত করেছে তেহরান।

শুরু থেকেই ইরান জানিয়ে আসছিল, নাবিকদের নিরাপত্তা বিবেচনায় তারা সরাসরি সামরিক পদক্ষেপ না নিয়ে কূটনৈতিক উপায়ে তাদের মুক্ত করার চেষ্টা চালাবে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই ইতোমধ্যে ছয়জন নাবিক দেশে ফিরেছেন। তবে এখনও বাকি ২২ জন নাবিক যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে ইরান।

এর আগে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারস জানায়, নাবিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জাহাজটি বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় তারা নিয়ন্ত্রণ নিতে বাধ্য হয়েছে। তাদের মতে, জাহাজটি ইরানের বন্দর আব্বাস-এর দিকে যাচ্ছিল।

ঘটনার পর ইরান প্রতিক্রিয়াস্বরূপ ওই অঞ্চলে মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালিয়েছে বলেও জানা গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালি এলাকায় উত্তেজনা বেড়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, ফলে সেখানে যেকোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top