বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মধ্যপ্রাচ্য উত্তেজনায় তেলের দাম আবারও বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:১৬

সংগৃহীত

মধ্যপ্রাচ্যকে ঘিরে বাড়তে থাকা ভূরাজনৈতিক অনিশ্চয়তা আবারও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের আলোচনা থমকে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুনে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১২৩.৩০ ডলারে পৌঁছেছে। টানা নবম দিনের মতো এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে দাঁড়িয়েছে ১০৭.৫১ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কাই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে ইরানের তেল রপ্তানিকে ঘিরে নিষেধাজ্ঞা এবং চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যা বাজারে অস্থিরতা বাড়াচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রশাসন সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top