বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

হরমুজে দুই হাজার জাহাজসহ বিশ হাজার নাবিক আটকা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৪

সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি অচলাবস্থা বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। জ্বালানি তেল পরিবহনের প্রধান এই রুটে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তীব্র হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে প্রায় ২০০০ জাহাজ এবং ২০ হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালি দিয়ে চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে, ফলে জাহাজগুলো অপেক্ষায় থাকলেও অগ্রসর হতে পারছে না।

এর আগে মার্চ মাসে আন্তর্জাতিক সামুদ্রিক বীমা কোম্পানিগুলো এই রুটকে উচ্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ট্যাংকার জাহাজের যুদ্ধ ঝুঁকি বীমা বাতিল করে দেয়। এতে অনেক জাহাজ চলাচলের সক্ষমতা থাকলেও বীমা না থাকায় কার্যত যাত্রা বন্ধ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, জলপথে পেতে রাখা নৌ-মাইন সরাতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। এই সময়ের আগে নিরাপদভাবে জাহাজ চলাচল সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, মাইন অপসারণ হলেও দীর্ঘ সময় ধরে বীমা খরচ বেশি থাকতে পারে। রাজনৈতিক ও সামরিক সমঝোতা ছাড়া এই অনিশ্চয়তা দূর হওয়া কঠিন।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে দীর্ঘস্থায়ী সংকট বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওমান উপসাগরে একটি জাহাজ আটক করলে ইরান এটিকে দস্যুতার শামিল বলে অভিযোগ করে। কূটনৈতিক আলোচনার পর ইরানি জাহাজের ছয় নাবিক মুক্তি পেয়েছেন, তবে বাকি ২২ জন এখনো যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে তেহরান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top