চালক অচেতন, শিক্ষার্থীদের বুদ্ধিমত্তায় রক্ষা পেল স্কুলবাস
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৯:১০
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিয়েছেন একদল কিশোর শিক্ষার্থী। হঠাৎ চালক অচেতন হয়ে পড়লে নিজেদের সাহস ও উপস্থিত বুদ্ধি দিয়ে তারা একটি স্কুলবাসকে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ঘটনাটি ঘটে কিলন এলাকায়। হ্যানকক মিডল স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই চালক লিয়া টেইলর অ্যাজমার কারণে হঠাৎ জ্ঞান হারান।
চালক অচেতন হয়ে পড়তেই বাসটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসে ১২ বছর বয়সী জ্যাকসন ক্যাসনাভে। কোনো দ্বিধা না করে সে স্টিয়ারিং ধরে বাসকে সামাল দেওয়ার চেষ্টা করে। তার ভাষায়, “সময় ছিল না ভাবার, শুধু চেয়েছিলাম সবাই নিরাপদ থাকুক।”
এদিকে আরেক শিক্ষার্থী ড্যারিয়াস ক্লার্ক বাসের গতি কমানোর চেষ্টা করে। এয়ার ব্রেক ব্যবহারের জটিলতায় সে কিছুটা বিপদে পড়লেও হাল ছাড়েনি। শেষ পর্যন্ত কয়েকজন মিলে বাসটির গতি কমিয়ে সড়কের মাঝখানের বিভাজকে নিরাপদে থামাতে সক্ষম হয়।
পরিস্থিতি আরও সামাল দেন অন্যান্য শিক্ষার্থীরাও। কেলেইগ ক্লার্ক দ্রুত জরুরি সেবায় ফোন করে সাহায্য চান। ১৫ বছর বয়সী ডেসটিনি কর্নেলিয়াস চালকের কাছে থাকা নেবুলাইজার ব্যবহার করে তাকে সহায়তা করার চেষ্টা করে। আর ম্যাকেঞ্জি ফিঞ্চ চালকের মাথা ধরে রেখে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
অল্প সময়ের মধ্যেই জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে চিকিৎসা দেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
এই অসাধারণ সাহসিকতার স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়েছে। কৃতজ্ঞতা জানিয়ে চালক লিয়া টেইলর বলেন, “ওরা না থাকলে কী হতো জানি না। তারা শুধু একটি দুর্ঘটনা নয়, আমার জীবনও বাঁচিয়েছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।