বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

এবার হরমুজ প্রণালির নাম বদলে 'ট্রাম্প প্রণালি' রাখলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৩২

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একটি মানচিত্রের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। সেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ লেখা দেখা যায়। এর আগেও একই ধরনের একটি ছবি তিনি শেয়ার করেছিলেন।

বর্তমানে ইরান চায় প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে কোনো শর্ত ছাড়াই এই গুরুত্বপূর্ণ নৌপথ চালু রাখতে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই পদক্ষেপ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই ছবিটি প্রকাশ করেন। জানা গেছে, ছবিটি মূলত একটি সমর্থক অ্যাকাউন্ট থেকে প্রথমে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ দেখানো হয়।

এর আগেও এক বক্তৃতায় তিনি ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন। এ সময় উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়লে ট্রাম্প বলেন, গণমাধ্যম হয়তো এটিকে ভুল মনে করতে পারে, তবে তিনি খুব কমই ভুল করেন।

ঘটনাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top