রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

দেশজুড়ে সমাবেশে ঐক্যের প্রদর্শন, জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৭:৩৬

ছবি: সংগৃহীত

ইরানজুড়ে চলমান ব্যাপক গণসমাবেশকে জাতীয় ঐক্যের শক্তিশালী প্রকাশ হিসেবে উল্লেখ করে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী অনুষ্ঠিত বৃহৎ সমাবেশগুলো ইরানের জাতীয় ঐক্য ও প্রতিরোধের মানসিকতাকে আরও সুদৃঢ় করেছে। বিশেষ করে অষ্টম শিয়া ইমাম ইমাম রেজার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি এবং ‘ইরানের জন্য ত্যাগ’ শীর্ষক ক্যাম্পেইনে লাখো মানুষের অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই ক্যাম্পেইনে বহু মানুষ দেশের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেছেন। এতে ইরানের জনগণের দৃঢ় সংকল্প ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করে, ইরানের জনগণ কখনো শত্রুর সামনে মাথা নত করবে না এবং কোনো শক্তিই তাদের প্রতিরোধের মনোভাব দুর্বল করতে পারবে না।

বিবৃতিতে দেশজুড়ে চলমান এই সমাবেশগুলোকে মহাকাব্যিক ও নজিরবিহীন বলে বর্ণনা করা হয়। এতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর থেকে টানা কয়েক সপ্তাহ ধরে এই ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে।

এছাড়া বলা হয়, এসব গণসমাবেশ ইসলামি বিপ্লবের নেতৃত্বের প্রতি জনগণের আনুগত্যের প্রতিফলন এবং শত্রুপক্ষের বিরুদ্ধে একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলছে।

বাহিনীটি আরও জানায়, তথাকথিত মনস্তাত্ত্বিক ও গণমাধ্যম যুদ্ধ উপেক্ষা করে জনগণের অংশগ্রহণ ইরানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতির শেষাংশে জনগণকে এ ধরনের গণসমাবেশ অব্যাহত রাখার আহ্বান জানানো হয় এবং বলা হয়, এই ঐক্য ও প্রস্তুতিই দেশের প্রতিরক্ষা ও চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top