শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

শিক্ষকের রোষানলে, মানসিক চাপে শিক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৩:১১

সংগৃহীত

কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজে পরীক্ষায় বারবার অকৃতকার্য হওয়ায় মানসিক চাপে আত্মহত্যা করেছেন অর্পিতা নওশিন নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মানসিক নিপীড়নের অভিযোগ তুলেছেন পরিবার ও সহপাঠীরা।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে সেন্ট্রাল মেডিকেল কলেজ-এ এ ঘটনা ঘটে।

সহপাঠীদের তথ্য অনুযায়ী, নওশিন মানসিক যন্ত্রণায় ১০৯ পিস এভেন্ডার ৪০ মিলিগ্রাম ওষুধ সেবন করেন। পরে তার মৃত্যু হয়।

অর্পিতা নওশিন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা সদরে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট ছিলেন। তিনি খুলনার সরকারি করোনেশন গার্লস হাই স্কুল থেকে এসএসসি এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন মেডিকেল কলেজে।

বন্ধুরা জানান, প্রথম প্রফেশনাল পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হলেও এনাটমি বিষয়ে অকৃতকার্য হন নওশিন। এরপর গত তিন বছরে আরও চারবার একই বিষয়ে পরীক্ষা দিলেও প্রতিবারই ফেল করেন। এতে তিনি চরম হতাশায় ভুগছিলেন।

পরিবারের অভিযোগ, এনাটমি বিভাগের এক শিক্ষকের কারণে তিনি বারবার ফেল করেছেন। নওশিনের ভাই শাহরিয়ার আরমান দাবি করেন, তার বোনকে শুরু থেকেই মানসিকভাবে চাপে রাখা হতো এবং সমস্যার বিষয়ে জানতে চাইলেও কোনো সহযোগিতা পাননি।

তিনি আরও জানান, ঘটনার আগের দিনও বোনের সঙ্গে তার কথা হয়েছে এবং পরীক্ষার ফর্ম পূরণের জন্য টাকা পাঠানোর কথাও হয়েছিল। হঠাৎ এমন মৃত্যুর খবর তারা মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট শিক্ষক ও অধ্যক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানা-এর ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top