জাতীয় বিশ্ববিদ্যালয়–এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গত ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের ১৩৮টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি কার্যক্রম নিয়ে গত ২৪ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে ৩১টি বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।
বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮০টি কলেজে মোট আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি। সরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৯৪ হাজারের বেশি এবং বেসরকারি কলেজে আবেদন করেছে ৫৮ হাজার ৯১৯ জন।
সংবাদ সম্মেলনে উপাচার্য আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে পরিবর্তন, ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু এবং আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও, গত বছর থেকে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করেছে বিশ্ববিদ্যালয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।