প্রধানমন্ত্রী জানিয়েছেন, জনপ্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে এখন থেকে সততা, মেধা ও দক্ষতাকেই প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। তিনি বলেন, প্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে।
রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার স্থায়ী নয়, একইভাবে প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জনগণের ভোগান্তি কমিয়ে সমাধানের পথ খোঁজাই সরকারের লক্ষ্য।
একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি জেলা প্রশাসকদের সন্ধ্যা সাতটার পর বাজার ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করার নির্দেশনা দেন।
সম্মেলন সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম দিনে স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন সংক্রান্ত বিষয় উঠে আসে। প্রথম দিনের শেষে জেলা প্রশাসকেরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরবর্তী দিনে অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে। তৃতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।