নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১২:০৪
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বড় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় একটি ঝুটের গুদাম রয়েছে। প্রতিদিনের মতো সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিচতলার দেয়ালের কিছু অংশ, দরজা ও জানালার অংশ ধসে পড়ে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকার সরকারি হাসপাতালে পাঠানো হয়।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত চারটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে এবং দেয়ালের কিছু অংশ ফেটে গেছে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে ঘর থেকে বের হয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের আগে ওই এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চারপাশ ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে মণ্ডলপাড়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে।
মণ্ডলপাড়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে গুদামের ভেতরে গ্যাস জমে ছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পাশাপাশি ভবনের গ্যাস সংযোগ ও পাইপলাইনের অবস্থা পরীক্ষা করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত গ্যাস লাইনের ত্রুটি শনাক্ত করে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের অভিযোগ, পুরোনো ও ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপ লাইনের কারণে প্রায়ই লিকেজের ঘটনা ঘটছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।