কটিয়াদীতে বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে
ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:১২
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিকভাবে সম্পন্ন হওয়া বিয়ের মাত্র দুই ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মো. মেনু মিয়ার মেয়ে বন্যা আক্তারের বিয়ে হয় পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের আব্দুর রশিদের সৌদি প্রবাসী ছেলে মো. হৃদয় মিয়ার সঙ্গে। ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্নের পর বরযাত্রীদের আপ্যায়নও শেষ হয়।
এ সময় হঠাৎ করেই মাসুদ নামে এক যুবক বিয়ের আসরে উপস্থিত হন। তিনি দাবি করেন, বন্যা আক্তারের সঙ্গে তার প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। পরে তিনি মোবাইল ফোনে তাদের একাধিক ছবি দেখান।
এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে কনের পক্ষের লোকজন মাসুদকে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পর তিনি জ্ঞান ফিরে পান।
পরবর্তীতে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। নববধূ বন্যা আক্তার জানান, তিনি প্রেমিক মাসুদের সঙ্গেই সংসার করতে চান। পরিবারের চাপে পড়ে তিনি প্রবাসী হৃদয় মিয়ার সঙ্গে বিয়েতে সম্মতি দিয়েছিলেন বলেও দাবি করেন।
এরপর উভয় পরিবারের আলোচনার মাধ্যমে প্রথম স্বামী মো. হৃদয় মিয়ার সঙ্গে তালাক সম্পন্ন করা হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে প্রেমিক মাসুদ মিয়ার সঙ্গে ৪ লাখ টাকা দেনমোহরে পুনরায় বিয়ে সম্পন্ন হয়।
বিষয়টি নিয়ে নববধূ বন্যা আক্তার জানান, দীর্ঘদিন ধরে মাসুদের সঙ্গে তার সম্পর্ক ছিল। পারিবারিক চাপে তিনি প্রথমে অন্য বিয়েতে রাজি হন। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে প্রেমিককেই বেছে নেন তিনি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।