শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ প্রতিনিধি | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:২৩

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার গভীর রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার দিবাগত রাত প্রায় একটার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং অফিসে থাকা সব আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। এ সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মহেশপুর থানা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বলেন, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে একটি লেখা প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহিরুদ্দিনের সঙ্গে বিএনপি সদস্য হামিদুল ইসলামের বাগবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। ওই ঘটনার জেরেই বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top