শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার নিন্দায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল

রাজশাহী প্রতিনিধি: | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:৩৭

জশাহী জিরো পয়েন্ট এলাকায় ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ । ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৬ মার্চ ) জুমার নামাজের পর রাজশাহী জিরো পয়েন্ট এলাকায় ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্বর হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইরানের সার্বভৌমত্ব ও জনগণের কর্তৃত্বকে অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর মারাত্মক আঘাত হেনেছে। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে যে সংঘাত ছড়িয়ে পড়ছে, তার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের হামলার মাধ্যমে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবারও তাদের সন্ত্রাসী চেহারার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

সমাবেশে বক্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং অবিলম্বে যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা নাদিম রেজা, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মাজিদুল ইসলাম, সৈয়দা রেবেকা আলি আবেদীন, সৈয়দা রুবিনা ইয়াসমিন এবং রাজশাহীর মুহাম্মদ আমিন ফারসি শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ আলী আকবর।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top