শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

বগুড়ার ধুনটে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৮:৩৪

সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাহাটা–বগুড়া সড়কের নান্দিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনহা আক্তার উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে। সে নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিনহা আক্তারের বাড়ির পাশ দিয়ে সোনাহাটা–বগুড়া পাকা সড়কটি গেছে। শনিবার দুপুরের দিকে প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময় রাস্তা পার হতে গেলে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top