জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
সিলেট প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ০৯:৫৫
সিলেট সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সীমান্তবর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্ট, নদীপথ ও চিহ্নিত রুটে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জ্বালানি স্টেশন ও পরিবহন কার্যক্রমে নজরদারি বাড়ানোসহ সন্দেহভাজন পথগুলোতে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল বাড়ানো, গোয়েন্দা নজরদারি জোরদার এবং জ্বালানি তেল পরিবহনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
আটচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী কয়েকটি এলাকা দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় বিজিবির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা বজায় রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্যরেখা থেকে প্রায় আট কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এলাকা, বিভিন্ন স্থলবন্দর ও সীমান্ত শুল্ক চৌকিতে নজরদারি বাড়ানো হয়েছে। স্পর্শকাতর সীমান্ত পয়েন্ট ও নদীপথে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার সম্ভব না হয়।
এ ছাড়া গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং জ্বালানি স্টেশন ও পরিবহন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহভাজন পথগুলোতে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে আকস্মিক অভিযান চালানোর পাশাপাশি স্থানীয় প্রশাসন, শুল্ক বিভাগ, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ পাচার প্রতিরোধের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সঙ্গে বৈধ সীমান্ত বাণিজ্য যাতে স্বাভাবিক থাকে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।