সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ছিনতাইকারীদের কবলে পড়ে অটোরিকশাচালক নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১৪:২৯

সংগৃহীত

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় রোববার (৮ মার্চ) রাতে ছিনতাইকারীদের কবলে পড়ে অটোরিকশাচালক শান্ত কুমার সাহা নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় তাকে ধাক্কা দিলে চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে শান্তের মৃত্যু হয়।

নিহত শান্ত (১৬) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের কিছুক্ষণ আগে লালপোল মিয়াজি ফিলিং স্টেশনের সামনে শান্ত তার অটোরিকশাসহ যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এরপর ছিনতাইকারীরা তাকে মারধর করে মহাসড়কের পাশের একটি কালভার্টের নিচে ফেলে দেয়। শান্ত উঠার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে জোরে ধাক্কা দেয়, যার ফলে সে মহাসড়কের ওপর পড়ে এবং দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়।

নিহতের ফুপাতো ভাই নিপুল দাস জানান, সন্ধ্যায় শান্তের সঙ্গে যোগাযোগ না হওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে অন্য এক চালকের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, যেখানে যাত্রী তোলা হয়েছিল, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।

শান্তের খালাতো বোন নিপা রানী দাস বলেন, ইফতারের আগে মিয়াজি ফিলিং স্টেশনের সামনে শেষবার শান্তকে দেখেছিলেন। তখন তার অটোরিকশায় কয়েকটি বস্তা ছিল এবং পাশে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি দাস এশিয়া পোস্টকে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে তদন্ত শুরু করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top