রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

দাঁড়িয়ে থাকা ট্রাকে বেপরোয়া ট্রাকের ধাক্কা, চালকের ছেলে নিহত

মাদারীপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৩:৩৮

ছবি: সংগৃহীত

ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের সজোরে ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

রবিবার (৮ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে গেলে সেটি ঢাকা–বরিশাল মহাসড়কের ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। রবিবার ভোরে একটি বেপরোয়া ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকের ছেলে ও হেলপার ইসমাইল হোসেন (১৮) মারা যান। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ট্রাকচালক রাসেল হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ট্রাকের চালক মো. সোহেক কবির (৩৭) আহত হয়েছেন বলেও জানা গেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে হাইওয়ে পুলিশের সহায়তায় তা স্বাভাবিক করা হয়।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top