বান্দরবানের মেঘলায় পাহাড়ি খাদে মা-মেয়ের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:১৯
বান্দরবান শহরের মেঘলা পর্যটন এলাকা থেকে একটি পাহাড়ি খাদে পড়ে থাকা অবস্থায় মা ও তার শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার দুর্গম এলাকা থেকে প্রায় ১৫০ ফুট নিচে পড়ে থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) এবং তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি একই এলাকার কানাপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে মা ও মেয়েকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। দীর্ঘ খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গভীর খাদে তাদের নিথর দেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কুহালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য চাইউগ্য মারমা জানান, চার বছর আগে ওই নারীর বিয়ে হয়েছিল। ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে মরদেহ দেখেছেন, তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো অজানা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।