আরিফিন শুভর বলিউডে অভিষেক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:২৪
বাংলাদেশি অভিনেতাদের জন্য বলিউডে কেন্দ্রীয় চরিত্রে কাজ করার সুযোগ খুব একটা দেখা যায়নি। সেই ধারায় নতুন দৃষ্টান্ত গড়লেন আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ জ্যাজ সিটি-এর মাধ্যমে বলিউডে প্রধান চরিত্রে অভিষেক হয়েছে তার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সিরিজটি মুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুভর এই নতুন যাত্রা। ১০ পর্বের এই সিরিজে প্রায় ১১ ঘণ্টা জুড়ে গল্প আবর্তিত হয়েছে ‘জিমি রয়’ চরিত্রকে ঘিরে, যেটিতে অভিনয় করেছেন তিনি।
এই সিরিজে চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজিতে অভিনয় করেছেন আরিফিন শুভ। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই সনি লিভে ট্রেন্ডিং তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে সিরিজটি। উল্লেখযোগ্য বিষয় হলো, প্ল্যাটফর্মটিতে এবারই প্রথম কোনো সিরিজ বাংলা ভাষায় প্রকাশিত হলো।
সিরিজটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিতি পেয়েছেন। শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়া আরও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহা।
‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের প্রেক্ষাপটে। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বাস্তবতা এবং মানুষের জীবনসংগ্রামের গল্পই তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।