ডিআইজি মঈনুল হকের বিরুদ্ধে ১০০ একর জমি দখলের অভিযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৯:২৭
মঈনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রায় ১০০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে মঈনুল হক ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিমালিকানাধীন এবং বন বিভাগের জমি জবরদখল করেছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করেছে এবং অনুসন্ধানের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর উপপরিচালক রেজাউল করিম স্বাক্ষরিত একটি চিঠিতে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হওয়ার বিষয় নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, অভিযুক্ত ডিআইজি মঈনুলের ঘনিষ্ঠতা ছিল বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও ডিবি-র সাবেক প্রধান হারুন-অর-রশিদ-এর সঙ্গে। তার মাধ্যমেই মঈনুল ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন এবং খুলনা রেঞ্জের দায়িত্বও গ্রহণ করেন।
দুদকের চিঠিতে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ১০০ একর জমি জবরদখলের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে হবে।
উর্ধ্বতন দুদক কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এবং অনুসন্ধানী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খোঁজে জানা গেছে, ২০২২ সালের নভেম্বর মাসে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান মঈনুল। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর ওএসডি করা হয় এবং ৭ আগস্ট তাকে সরদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।
বর্তমানে ডিআইজি মঈনুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি; পুলিশ হেডকোয়ার্টারে ও সরদা একাডেমিতেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।