মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ফেনী-৩ সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৬:৪১

ফেনী-৩ সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ।  ছবি: সংগৃহীত

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সোনাগাজীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজার ও বক্তারমুন্সি বাজারে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। এ সময় স্থানীয়রা তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সোনাপুর বাজারে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজালাল সোহেলের নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হয়। বক্তারমুন্সি বাজারের ডাকবাংলো এলাকায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাসেলও মিষ্টি বিতরণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং সাবেক এমপির সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।

বিএনপি নেতারা দাবি করেন, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর কর্মকাণ্ডের কারণে স্থানীয় রাজনীতি ও জনমনে দীর্ঘদিন ধরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। চর মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা ও সমবায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, “তিনি বিএনপি পরিবার ও রাজনীতির ক্ষতি করেছেন। আমরা সরকারের কাছে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, “১/১১ কুশীলব, জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতক, দেশের কোটি কোটি টাকা লুন্ঠনের সঙ্গে জড়িত জেনারেল মাসুদ চৌধুরী অবশেষে দণ্ডিত হয়েছেন। আমরা সরকারের কাছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির টিকেটে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top