শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

‘তেল নেই’ লেখা পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১৭:০৭

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মজুত যাচাই করা হয়।

এ সময় দেখা যায়, পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে। সব মিলিয়ে ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

এ অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top