ডুমুরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু
খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:১৫
খুলনার ডুমুরিয়া উপজেলার পারমাদারতলা গ্রামে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বীপ মণ্ডল (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দ্বীপ মণ্ডল ওই গ্রামের সুখী মণ্ডলের বড় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে দ্বীপ বাড়ির পাশে একটি নিম গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি কাটা ডাল ঘরের মিটারে সংযুক্ত বিদ্যুতের ড্রপ লাইনের ওপর পড়ে যায়। এতে তারটি ছিঁড়ে কাঁচা ডালের সংস্পর্শে এলে পুরো ডাল বিদ্যুতায়িত হয়ে পড়ে।
পরবর্তীতে বিদ্যুৎস্পৃষ্ট ডালটি সরাতে গেলে দ্বীপ মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্বীপের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের ছিলেন। এমন অকাল মৃত্যুতে সবাই শোকাহত।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।