মরদেহ ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ রেলওয়ে পুলিশের বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৭:০৫

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত এক যুবকের মরদেহ ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে পুলিশের বিরুদ্ধে। নিহত রাশেদ (৩৮) বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপটল এলাকার নান্নু সরকারের ছেলে।

নিহতের পরিবার জানায়, রাশেদ ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটি শেষে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন তিনি। পথে প্রাকৃতিক প্রয়োজনে কালিহাতীর সল্লা এলাকায় মোটরসাইকেল থামিয়ে রেললাইন পার হওয়ার সময় রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মরদেহ আটকে দেয়ার ভয় দেখিয়ে নিহতের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে রেলওয়ে পুলিশ। প্রথমে ৫ হাজার টাকা দেয়ার পরও মরদেহ ছাড়তে গড়িমসি করা হয়। পরে আরও ৫ হাজার টাকা দেয়ার পর মরদেহ নিতে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, মরদেহ আটকে রেখে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে, যা অমানবিক ও দণ্ডনীয় অপরাধ।

এদিকে, প্রথমে নিহতের স্বজনরা টাকা দেয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে মরদেহ নেওয়ার সময় স্বীকার করেন, মরদেহ আটকে দেয়ার কথা বলায় বাধ্য হয়ে ১০ হাজার টাকা দিতে হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত রেলওয়ে পুলিশের এক সদস্য টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি নিজের নাম ও পদবি প্রকাশ করতেও অপারগতা জানান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top