হরমুজ প্রণালিকে এবার ‘ট্রাম্প প্রণালি’ বললেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:৫০
ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মিয়ামিতে সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে এক পর্যায়ে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। তিনি নিজেই ব্যাখ্যা দেন, “আমার বক্তব্যে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বলতে হরমুজ বোঝানো হয়েছে। দুঃখিত, এটি একটি বড় ভুল হয়ে গেছে।”
বক্তৃতার সময় তিনি সম্ভাব্য প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন এবং বলেন, গণমাধ্যম বিষয়টি নিয়ে সরব হতে পারে, তবে এমন ভুল প্রায়শই ঘটে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে আলোচনা চলছে, যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে হরমুজ প্রণালির মাধ্যমে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। চলমান সংঘাতের কারণে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়ছে। সূত্র: এএফপি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।