কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় ১০ম শ্রেণির কিশোরের মৃত্যু
ফরহাদ হোসেন রাজ | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৩:২৪
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে অটোরিকশার ধাক্কায় মো. রাকিব (১৭) নামে এক ১০ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে নীলগঞ্জ রেল স্টেশন ঘাট এলাকায় ঘটেছে। নিহত রাকিব ওই এলাকার মো. সওদাঘরের ছেলে এবং নীলগঞ্জ হাজি মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব তার নানার বাড়ি চৌধুরীহাটি থেকে ফেরার পথে বাড়ির কাছে পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে থাকা একটি বাড়ির টিনের বাউন্ডারিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ইয়াকুব আলী জানান, রাকিবের বাবা একজন কলের মিস্ত্রি এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। তিন সন্তানের মধ্যে রাকিব ছিল বড়। পরিবারের আর্থিক কষ্টের কারণে মাঝে মাঝে সে নিজেও অটোরিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করত।
দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক করা হয়েছে। চালকের বাড়ি তাড়াইল উপজেলার খরমশি গ্রামে। স্থানীয় জনপ্রতিনিধিরা শনিবার ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।