শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

কালের কণ্ঠের সাংবাদিকের গোডাউন থেকে সরকারি চাল জব্দ, জরিমানা অর্ধলাখ টাকা

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৩:৩৮

কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের ভাড়াকৃত গোডাউন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নের ভাড়াকৃত গোডাউন থেকে ৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবেরডাঙ্গী বাজার এলাকায় অভিযান চালায় রাজিবপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, আবুল হোসেনের মালিকানাধীন একটি গোডাউনে সরকারি চাল মজুদের তথ্য পেয়ে তারা সেখানে তল্লাশি চালান। এ সময় মোট ৭১ বস্তা চাল জব্দ করা হয়।

রাজিবপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হান্নান শাহ্ ও সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ মাহমুদ জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং চালের বস্তা পাওয়া সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

পরে উপজেলা প্রশাসন এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চাল জব্দ করে। অভিযানে ফাতেমা ট্রেডার্সের মালিক ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উত্তরবঙ্গ সমন্বয়ক সোহেল রানা স্বপ্নকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চাল রাজিবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম শামীম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল কবির, এবং রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুসা মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা চাল আটক করে প্রশাসনকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জরিমানা ও জব্দ কার্যক্রম সম্পন্ন করা হয়।

অভিযুক্ত সোহেল রানা স্বপ্ন দাবি করেছেন, তার মায়ের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ রয়েছে। ঈদ উপলক্ষে অধিকাংশ চাল বিতরণ করা হলেও কিছু চাল গোডাউনে সংরক্ষিত ছিল। এছাড়া, কিছু সুবিধাভোগী তাদের প্রাপ্ত চাল বিক্রি করে দেওয়ায় অতিরিক্ত চাল জমা হয়েছে। তিনি জব্দকৃত চাল ভিজিএফ বা ইউনিয়ন পরিষদের নয় বলে জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top