মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

৩ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:৫৪

ছবি: সংগৃহীত

সিলেট-আখাউড়া রেলপথে ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি দ্রুত থামিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সিলেটগামী শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

পরে সকাল ৯টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এনে বিকল উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এর মাধ্যমে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বে চলাচল করে।

বর্তমানে শমশেরনগর রেলস্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও সিলেটগামী উপবন এক্সপ্রেস অবস্থান করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top