মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি এমআর হাসানের পদত্যাগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:২৮

সংগৃহীত

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসান (এমআর হাসান) পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠান, যা পরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

জানা গেছে, বিচারপতি হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল-এ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়। এর পরিপ্রেক্ষিতেই তিনি পদত্যাগ করেন।

২০২৩ সালের ২ ডিসেম্বর বনানী ইউ লুপ এলাকায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, তার ছেলে গাড়ি চাপা দিয়ে ট্রাফিক সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজমকে আহত করেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও সে সময় পুলিশ মামলা নেয়নি।

এ ঘটনায় বিচারপতির প্রভাব খাটিয়ে থানায় যোগাযোগ করে তার ছেলেকে আসামির তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ ওঠে।

এছাড়া বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে কোম্পানি বেঞ্চে থাকা অবস্থায় তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়ে। অভিযোগ রয়েছে, কিছু ভুক্তভোগী ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে রায় প্রভাবিত করার ঘটনাও ঘটেছে।

পরবর্তীতে ৫ আগস্টের পর যেসব বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়, তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। সর্বশেষ তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় পদত্যাগের এই সিদ্ধান্ত আসে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top