নীলফামারীতে তেল চুরির অভিযোগে আটক ৩, কারাদণ্ড ও জরিমানা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:৪৯
নীলফামারীতে তেলের লরি থেকে অবৈধভাবে তেল সংগ্রহ ও বোতলজাত করার সময় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নীলফামারী সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে মো. রিফাত (১৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শ্রী শিসেন চন্দ্র দাসের ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে গোপনে তেল নামিয়ে বোতলজাত করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তারা লরি থেকে তেল চুরি করে পৃথকভাবে সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছিলেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভুঁইয়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা ওই তেলের লরির ড্রাইভার, হেল্পার ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পরে রাত ১১টার দিকে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।