নীলফামারীর জলঢাকায় খোলা বাজারে অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (দিনব্যাপী) উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার, শৌলমারী ইউনিয়নের আনছার হাট, ডাকালীগঞ্জ বাজার, আদর্শ বাজার এবং কৈমারী ইউনিয়নের কৈমারী সদর বাজার, পেলকার মোড় ও শাল্টিতলা বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে র্যাব ও পুলিশের সহযোগিতায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। এ সময় বেআইনিভাবে খোলা বাজারে পেট্রোল ও ডিজেল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রয়ে অনিয়ম রোধে মনিটরিং কার্যক্রম চালানো হয় বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে প্রতিটি ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা এবং জ্বালানি সংগ্রহের সময় ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া সবার সম্মিলিত প্রচেষ্টায় চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।